ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, সীমিত জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ব্যবসায়িক ভিসা ইস্যুর কার্যক্রম শুরু হয়েছে। জরুরি প্রয়োজনে করা আবেদনগুলো দ্রুততম সময়ের মধ্যে প্রক্রিয়াকরণে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গতকাল বুধবার ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত নেটওয়ার্কিং ও জ্ঞানবিনিময় অনুষ্ঠান ‘ফার্মা কানেক্ট’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে দেশের প্রখ্যাত ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও সিনিয়র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা প্রাপ্তিতে যে জটিলতার মুখোমুখি হতে হচ্ছে, তা দ্রুত সমাধানের আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের মধ্যে স্থলপথে পণ্য পরিবহনের প্রক্রিয়া আরও সহজ করার প্রয়োজনীয়তার কথাও বলেন বক্তারা।
ভারতের বিখ্যাত সিপিএইচআই–পিএমইসি ইন্ডিয়া ২০২৫ প্রদর্শনীকে সামনে রেখে এই আয়োজনটি করা হয়। মেলা আগামী ২৫–২৭ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রণয় ভার্মা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সক্ষমতা-সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে বর্তমানে সীমিত টিম দিয়েই প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যুর কাজ চলছে। তিনি আরও জানান, ব্যবসায়িক ভিসা আবার নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে এবং জরুরি আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য শাখার সঙ্গে সরাসরি যোগাযোগ করলে অতিরিক্ত সহায়তা পাবেন।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, এ ধরনের প্ল্যাটফর্ম দুই দেশের প্রযুক্তি হস্তান্তর, গবেষণা সহযোগিতা এবং সাপ্লাই চেইন সংযুক্তি আরও শক্তিশালী করতে সহায়তা করবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে কাঁচামাল উৎপাদন বাড়ছে এবং ভারতের অগ্রসর সক্ষমতা ব্যবহার করে স্থলসীমান্তের সুবিধায় কাঁচামাল আমদানির ক্ষেত্রে বাংলাদেশ আরও প্রতিযোগিতামূলক হতে পারে।
অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. জাকির হোসেন জানান, ভিসা জটিলতার কারণে এ বছর সিপিএইচআই–পিএমইসি মেলায় বাংলাদেশ থেকে স্বল্পসংখ্যক প্রতিনিধি উপস্থিত হতে পারছেন। সাধারণত কয়েকশ অংশগ্রহণকারী থাকা সত্ত্বেও এবার মাত্র ৮৩ জন আবেদন করেছেন। তিনি ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানিয়ে আবেদনগুলোকে বিশেষ বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।