রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম ইউক্রেনে দুই শিশুসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, টেরনোপিল শহরের দুইটি ব্লকে ধারাবাহিক আঘাত হানে রুশ বাহিনী।
পুলিশ জানিয়েছে, হামলায় আরও ৬৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৬ জন শিশু। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বাত্মক যুদ্ধ শুরুর পর পশ্চিমাঞ্চলে এটি রাশিয়ার সবচেয়ে বিধ্বংসী হামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
একই রাতে লুভিভ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলেও বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি উত্তরাঞ্চলের খারকিভ শহরের তিনটি জেলায় ড্রোন হামলায় আহত হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, আগুনে পুড়ছে বসতবাড়ি ও গাড়ি। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, একাধিক অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় সৃষ্টি হয়েছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশজুড়ে ৪৭০টির বেশি ড্রোন এবং ৪৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া, যা বিশাল মাত্রায় অবকাঠামোগত ক্ষতি ঘটিয়েছে। তিনি সতর্ক করে বলেন, টেরনোপিলে ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকা পড়ে থাকতে পারে।